দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তাদের সাক্ষাৎ হয়।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান রুমন বলেন, হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরে তিনি প্রধানমন্ত্রীকে অতিথিকক্ষে নিয়ে যান। সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর এবং হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী বাঁশখালী থেকে হেলিকপ্টারে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন। পরে সড়কপথে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তিনি। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে শিশু শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।
বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যাবেন। সেখানে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।
এর আগে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সকালে তিনি কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন।
এমএম/